সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের ২ নারী কর্মীসহ নিহত ৩
পাবনার সাঁথিয়ায় গতকাল শুক্রবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই নারী কর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন মুক্তারা পারভীন (৩৫) ও সীমা খাতুন (২৮)। একই দিন সিরাজগঞ্জের চৌহালীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ছোরমান আলী (৬৫) নামের এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে সাঁথিয়ায় ব্র্যাকের কর্মসূচি সংগঠক মুক্তারা পারভীন, সীমা খাতুন ও হযরত আলী (৩৬) একই মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়সংলগ্ন সেতুর ওপর একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তারা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সীমা ও হযরত আলীকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সীমাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত মুক্তারা পাবনার ফরিদপুর উপজেলার থানাপাড়ার মাহবুব হোসেন এবং সীমা লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের সুজাউদ্দৌলার স্ত্রী।
এদিকে চৌহালীর এনায়েতপুরে গোপীনাথপুর গ্রামের ছোরমান আলী ও তাঁর স্ত্রী আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া এলাকায় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ছোরমান আলী মারা যান।