সড়ক দুর্ঘটনায় ভেড়ামারা থানার এসআইসহ দুজন নিহত, আহত ৫
কুষ্টিয়া-পাবনা সংযোগ সেতু লালন শাহ ব্রিজের টোল প্লাজায় গতকাল শনিবার রাতে মাইক্রোবাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গুরুতর অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) শমরুল ইসলাম (৪২) ও একই থানার আনসার সদস রফিকুল ইসলাম। শমরুলের বাড়ি সিলেট জেলায় ও রফিকুলের বাড়ি নওগাঁয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভেড়ামারা থানার এসআই শমরুল ইসলামসহ ওই থানার সাত-আটজন পুলিশ ও আনসার সদস্য রাত সাড়ে আটটার দিকে মাইক্রোবাসযোগে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্যাস নিয়ে ফিরছিলেন। গাড়িটি লালন শাহ সেতুর ঈশ্বরদী অংশের টোল প্লাজার কাছে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টোল প্লাজার সড়ক বিভাজকের ওপর তুলে দেন। গতি বেশি থাকায় গাড়িটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন মাইক্রোবাসের যাত্রীরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে এসআই শমরুল ইসলাম ও আনসার সদস্য রফিকুল ইসলাম মারা যান। গুরুতর আহত ভেড়ামারা থানার এসআই মাহবুব আলম, পুলিশ সদস্য কামরুন্নাহার রোজী ও অলিয়ার রহমান, আনসার সদস্য সোহেল রানা এবং গাড়িচালক বাবুল হোসেনের অবস্থার অবনতি ঘটলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবিব ও পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের লাশ ঈশ্বরদীতে রাখা হয়েছে।