সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। রামপুরদুর্গাশ্রম এলাকায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার পূর্বধলা উপজেলার খিসমতবারেঙ্গা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মদিনা আক্তার (৩৫) ও ছেলে শুভ ইসলাম (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে মদিনা আক্তার ছেলে শুভ ইসলামকে সঙ্গে নিয়ে কেন্দুয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুরদুর্গাশ্রম এলাকায় একটি লরি (ছোট মালবাহী ট্রাক) তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মা ও ছেলে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় এ দুজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, এ ঘটনায় লরি ট্রাকটির চালক মোখলেস মিয়াকে আটক করা হয়েছে।