সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। নারী, শিশুসহ আহত হয়েছে আরও ছয়জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: জেলার কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে নাদিরা আক্তার (২৮) ও তাঁর আট মাসের ছেলে আনাস মিয়ার মৃত্যু হয়েছে। নাদিরার বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী গ্রামে। গতকাল সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ১০টার দিকে মনোহরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ফরিদপুর: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে সদর উপজেলার কাটরবাড়ী এলাকায় ট্রাক চাপায় রুবিয়া বেগম (৬৫) নামের এ নারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি টুঙ্গীপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামে।
পিরোজপুর: ঈদ উপলক্ষে ঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ইউসুফ আলী ফরাজি (৪০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম ও দুই বছরের মেয়ে জান্নাতি গুরুতর আহত হয়েছে।