সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকায় গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের বেনজির আলম (১৮) ও তাঁর ফুফাতো ভাই শাহ আলম (২২)।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুকিত চৌধুরী জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি খাদে পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। বেপরোয়া বাসটি আটক করা যায়নি।

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের আশ্রাফপুর এলাকার মাইনউদ্দিন (২০), জীবনচন্দ্র সরকার (২০) এবং  মোহাম্মদ রানা (২৪)। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের ময়নামতি থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

চৌদ্দগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি কাভার্ড ভ্যানকে চট্টগ্রামগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী মা ও ছেলে প্রাণ হারান। ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চৌমুগঞ্জ পশ্চিম বাজার এলাকার কুদ্দুস আলীর স্ত্রী হালিমা বেগম (৬০) ও ছেলে মোস্তফা (৩৫)। তাঁরা ট্রাকচালকের পাশে বসে যাচ্ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা চলছে।