সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলেসহ নিহত ৬
সড়ক দুর্ঘটনায় খুলনার ডুমুরিয়ায় মা ও দুই সন্তানসহ চারজন, ঝালকাঠির নলছিটিতে একজন ও নড়াইলে একজন নিহত হয়েছেন। এই তিনটি দুর্ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
খুলনা: ডুমুরিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাসস্ট্যান্ড এলাকায় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যান ও আরেকটি মহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মহেন্দ্রতে থাকা মা ও এক ছেলে ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের বাবলু মোল্লার স্ত্রী সাথী বেগম (৩০), তাঁর ছেলে টুটুল মোল্লা (১৩) ও তামিম মোল্লা (৫)। এর মধ্যে সাথী বেগম ও টুটুল ঘটনাস্থলেই মারা যায়। তামিম মারা যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিরোজপুর: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে জনি দাস ঝালকাঠি যাচ্ছিলেন। নলছিটি উপজেলার বাদামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক জনি দাস (৩৫) মারা যান। জনি দাস বরিশাল মহানগরীর গির্জামহল্লা এলাকার দুখু দাসের ছেলে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরোহী কবির হোসেন ও খলিলুর রহমান। তাঁদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নড়াইল: গতকাল বেলা আড়াইটার দিকে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা এলাকায় সড়কের ওপর গাছ কেটে ফেলার কারণে যানজটের সৃষ্টি হয়। এ সময় মাগুরা থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আরেকটি ইজিবাইককে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক জুলফিকার আলী (৫০) ও আরোহী মাসুম (২৮) এবং ইজিবাইকচালক মোয়াজ্জেম হোসেন (৩০) ও ইজিবাইক আরোহী হাফেজ আলী (৭০) আহত হন। তাঁদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে মোটরসাইকেলচালক জুলফিকার আলী মারা যান। নিহত জুলফিকার আলীর বাড়ি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর গ্রামে। হাফেজ আলী ও মাসুমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।