সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ নিহত ৮
নরসিংদীতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একই দিন চুয়াডাঙ্গার জীবননগরে দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন এবং গাজীপুরের কালিয়াকৈরে এক শিশু নিহত হয়েছে। আর গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার চৈতাবে গতকাল সকাল সোয়া সাতটার দিকে একটি যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় লেগুনার যাত্রী নরসিংদী সদর উপজেলার চর দিঘলদী গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে মর্জিনা বেগম (২০), একই উপজেলার কাকসিয়া গ্রামের নুরুল আলম (৫০) ও কুড়িগ্রাম জেলা সদরের উলিপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০) নিহত হন। চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় গতকাল দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী রিকশাভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রিকশাভ্যানের আরোহী চুয়াডাঙ্গা সদর উপজেলার রিজিয়া খাতুন (৪০), তাঁদের শিশুকন্যা লিপি খাতুন (১) এবং বাটিকাডাঙ্গা গ্রামের আজিজুল হক (৬০)। কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া চেকপোস্টের সামনে গতকাল দুপুরে বাসচাপায় লতা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। লতা উপজেলার হরতকিতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় গত বৃহস্পতিবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল তালুকদার (৩০) নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন।