সড়ক দুর্ঘটনায় মা, ছেলে মেয়েসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত প্রথম আলো বন্ধুসভা গাইবান্ধা কমিটির সদস্য হুমায়ন কবির (২৪) গতকাল মারা গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের আবদুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা (৪০) ও মেয়ে শারমিন আক্তার (১৫) ও ছেলে আহাদ আলী (১১)। হুমায়ন কবির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 পঞ্চগড় সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে বিকেল পাঁচটার দিকে আঞ্জুয়ারা, শারমিন ও আহাদসহ আরও কয়েকজন যাত্রী বাড়ি ফিরছিলেন। পথে জগদলের জ্যোতি স্টোন ক্রাশারের সামনে একটি পাথরবোঝাই ট্রাক অপর একটি ট্রাককে পাশ কাটিয়ে আসার সময় ওই রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যানের যাত্রীরা মহাসড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া রিকশাভ্যানচালক রশিদুল ইসলাম (২৮), যাত্রী বাবলী (১৫) ও তামিম (৩) আহত হয়।আহত ব্যক্তিদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামিউল ইসলাম ও হুমায়নের পরিবার সূত্র জানায়, হুমায়ন গাইবান্ধা শহরের একটি মেসে থেকে লেখাপড়া করতেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। রাত আটটার দিকে কুমারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়লে হুমায়নসহ চার যাত্রী আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হুমায়নকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল ভোর চারটার দিকে তিনি মারা যান।

হুমায়নের মৃত্যুতে গাইবান্ধা বন্ধুসভা তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে।