সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ও পৌর সদরের ফকিরহাট এলাকায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কুলছুমা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. মনিরুল ইসলাম (১২) এবং মহিবুল্লাহ (২৬)।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, কুলছুমা ও তাঁর ছেলে ছলিমপুর সিডিএ আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁরা ফৌজদারহাট এলাকায় একটি আসবাবের দোকানে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁরা কাজে যাচ্ছিলেন। ফৌজদারহাট এলাকায় একটি কাভার্ড ভ্যান অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা ঘটনাস্থলে নিহত হন।
এদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, বেলা একটার দিকে ফকিরহাট এলাকায় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহিবুল্লাহ ও মো. শাহীন (২৫) নামের দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মহিবুল্লাহ মারা যান।