সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে আজ মঙ্গলবার সকালে ট্রাকের সঙ্গে মিশুকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের শাহবাজপুর গ্রামের সেরিনা বেগম (৩৫) ও তাঁর ছেলে ইমন (১০) এবং একই গ্রামের জাকেরা বেগম (৩৯)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চৌধুরী জোবায়ের হোসেন বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে পাইলিং মোড়ে সোনামসজিদগামী একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি মিশুকের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সেরিনা বেগম ও তাঁর ছেলে ইমন, জাকেরা বেগম, এজাবুল, মোজাম্মেল ও রিফাতকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেরিনা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান জাকেরা বেগম ও ইমন।
এই পুলিশ কর্মকর্তা জানান, সেরিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য দুজনের মরদেহের ময়নাতদন্ত করা হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ঘটনাস্থল থেকে ট্রাকচালক নাটোরের লালপুরের তোফাজ্জল হোসেনকে (৪২) আটক করা হয়েছে। পরে এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।