সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং মোহাম্মদপুর (গুচ্ছগ্রাম) এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার গোয়াইনঘাট উপজেলার নয়াগাঙের পাড় গ্রামের আল আমিনের স্ত্রী শিল্পী আক্তার (২৯) ও তাঁর এক বছর বয়সী ছেলে সাইফ আহমদ। দুর্ঘটনায় শিল্পীর স্বামী আল আমিন ও সাজিদ আহমদ (৫) নামের আরও এক ছেলেসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালককে পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের এনায়েতপুর-শাহজাদপুর সড়কের রূপসী নামক স্থানে অটোরিকশার চাপায় রিয়াজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি রূপসী গ্রামে। সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রাস্তা পার হওয়ার সময় রিয়াজকে দ্রুতগামী অটোরিকশা চাপা দেয়। এতে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি মামলা করা হয়েছে।