সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চার জেলায় নিহত ৮
বাসচাপায় পাবনায় স্কুলছাত্রী ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তি এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছে। গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক প্রাণ হারিয়েছেন। গত দুদিনে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:পাবনা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের আছিয়া খাতুন (৯) গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নানার বাড়ি মধুপুর গ্রাম থেকে নানির সঙ্গে নিজ বাড়িতে ফিরছিল। পথে নিজ গ্রামের কাছে পাবনা-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে গ্রামের মোহাম্মদ আসাদুল্লার মেয়ে ও বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ: গতকাল সকালে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে রাস্তার পাশে ঘাস কাটা অবস্থায় শুকুর আলী (৫৭) বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি উপজেলার বাকুয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হন। দিনাজপুর: গত রোববার বেলা তিনটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর এলাকায় দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি বাসের সঙ্গে বিপরীতগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি শিশু ও দুই নারী প্রাণ হারান এবং আরও ৫০ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের লাইলী বেগম (৩৫) ও তাঁর মেয়ে ফারজানা আকতার (৭) এবং এক আদিবাসী নারী (২৬)। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার কচুবাড়ী গ্রামের সোনিয়া আকতার (৩০) ও একটি বাসের চালক হাফিজুল ইসলাম (৩২) মারা যান। আহত আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।গাইবান্ধা: রোববার বিকেল সাড়ে চারটার দিকে গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ বালুয়া এলাকায় একটি ট্রাক্টর পেছন থেকে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দেলদার হোসেনকে (৫৫) ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দেলদার হোসেনকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। তিনি সদর উপজেলার বালুয়া গ্রামের বাসিন্দা ও বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকও আহত হন।