সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
প্রত্যক্ষদর্শী ও সড়ক পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বারপাড়া এলাকায় ঢাকাগামী একটি পাজেরো জিপের সঙ্গে দাউদকান্দি সদর থেকে দাউদকান্দির গৌরীপুরগামী সিএনজিচালিত আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী স্থানীয় বারপাড়া গ্রামের ইয়াছমিন আক্তার (৩০), তাঁর মেয়ে জান্নাত আক্তার (৫) ও অটোরিকশার চালক তুজার ভাঙ্গা গ্রামের আবদুল মতিন (৩২) ঘটনাস্থলে নিহত হন। পরে অটোরিকশার আরেক যাত্রী দাউদকান্দি সদরের রেনু মিয়া (৪০) চিকিৎসারত অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
পাজেরো জিপের চার আরোহী এবং অটোরিকশার যাত্রী আরও পাঁচজন আহত হন। তাঁদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।