সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত
সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারনবাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি প্রাইভেট কারের চাপায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী আলাতুন নেছা (২৫), তাঁর মেয়ে সুমি বেগম (৪), আলাতুন নেছার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন (৭) ও একই উপজেলার বাঁশতলা গ্রামের সাদ মিয়া (৩৮)। আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলাতুন নেছা সুমি ও রিয়াজকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি প্রাইভেট কার তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা চারজন গুরুতর আহত হন। আহত সাদ মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গাড়ির চালকসহ তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।