সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর শহরসংলগ্ন হেতালিয়া বাঁধঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী টেম্পো উল্টে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার ও গত রোববার ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালী শহরের পূর্ব হেতালিয়া এলাকার ইদ্রিস শিকদার (৬৫) এবং রাজাপুর উপজেলার বাসিন্দা ও গালুয়া কওমি মাদ্রাসার শিক্ষক আইউব আলী (৪৫)।
হেতালিয়া বাঁধঘাট এলাকার প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে ইদ্রিস ওই এলাকার সড়ক পার হচ্ছিলেন। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা ইদ্রিসকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি
মারা যান।
ঝালকাঠির রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, রোববার সন্ধ্যায় কাঁঠালিয়াগামী যাত্রীবাহী একটি টেম্পো উপজেলার পুটিয়াখালী গ্রামের সাতানি বাজারে পৌঁছায়। এ সময় গাছবোঝাই অন্য একটি টেম্পোকে পাশ কাটাতে গিয়ে সেটি উল্টে যায়। এতে টেম্পোর সামনে বসে থাকা আইয়ুব আলী ছিটকে পড়ে টেম্পোর নিচে চাপা পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই দুর্ঘটনায় আরও ১০ জন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।