সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনি, রংপুরের তারাগঞ্জে এক স্কুলছাত্র, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: শহরের মুজিব সড়কে কাভার্ড ভ্যানের চাপায় জারিন তাসনিম (৬) ও তার মামা জিম (১৬) মারা গেছে। বুধবার রাত ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে খাজুরা ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে কাভার্ড ভ্যানের চালক ইলিয়াসকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তারাগঞ্জ (রংপুর): রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার বরাতী ব্রিজের কাছে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় রংপুরগামী একটি ট্রাকের ধাক্কায় ইমরান (৯) নামের এক ছাত্র মারা গেছে। সে বরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের ইছাখালি এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে রিজু আকতার (৫৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।