সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাথরবোঝাই দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন এবং ঝিনাইদহের কালীগঞ্জে ট্যাংকলরির চাপায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটেছে।
দামুড়হুদা উপজেলায় নিহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা দশমী পাড়ার মো. জাকিরুল ইসলামের স্ত্রী নাসরিন খাতুন (২৮) ও তাঁর সাত মাস বয়সী শিশুপুত্র নাজমুল ইসলাম এবং তাঁদের নিকটাত্মীয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মোকাম আলীর ছেলে সাহেব আলী (৩৫)। এ সময় নাসরিনের ভাই জাহিদুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। কালীগঞ্জে নিহত ব্যক্তির (৪৫) পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম বলেন, ওই চারজন একটি মোটরসাইকেলে করে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া থেকে দামুড়হুদায় আসছিলেন। দর্শনা থেকে পদ্মা সেতুর পাথরবাহী তিনটি ট্রাক তাঁদের সামনে দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে পৌঁছে ট্রাককে পাশ কাটিয়ে সামনে গেলে একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ওই সময় মোটরসাইকেল আরোহী চারজনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই সাহেব আলী ও শিশু নাজমুল মারা যায়। বাকি দুজনকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আউলিয়ার রহমান নাসরিন খাতুনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সকালে ওই ব্যক্তি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেলে করে নিমতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে খুলনাগামী গ্যাসবাহী ট্যাংকলরি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।