সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল বুধবার পিকআপের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম নূরুল হক। একই দিন মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ ব্যবসায়ী নিহত হন।
নূরুল হকের (৭৪) বাড়ি উপজেলা সদরের জয়রা গ্রামে। তিনি স্থানীয় গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। প্রায় এক যুগ আগে তিনি অবসরে যান।
নূরুল হকের ছেলে আমাদের অর্থনীতির জেলার বিশেষ প্রতিনিধি এস এম শাহীন বলেন, তাঁর বাবার ডায়াবেটিস থাকায় চিকিৎসকেরা তাঁকে সাইকেল চালানোর পরামর্শ দেন। তাই তিনি সাইকেল চালাতেন। গতকাল সকালে তিনি জয়রা এলাকার বাসা থেকে সাইকেল করে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যান। ফেরার পথে সকাল আটটার দিকে সেখানে একটি পিকআপ তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
শিবালয়ে নিহত তরুণের নাম হৃদয় হোসেন (২৫)। তিনি ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামের আলম হোসেনের ছেলে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হল সুপার মার্কেটে তিনি প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন। গতকাল বিকেলে রিকশায় করে হৃদয় বরঙ্গাইল এলাকা থেকে মুশুরিয়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস তাঁদের রিকশাকে ধাক্কা দেয়।