সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে তিন এবং দিনাজপুরের পার্বতীপুরে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গতকাল শনিবার ও গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর আলমগীর হোসেন (৪৫), এরশাদ আলী (৪২) ও আদু হোসেন (৪৫) এবং পার্বতীপুরের বাবলু মণ্ডল (৫৮)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে চড়ে রাজশাহী নগরের রেলগেট হয়ে নওদাপাড়ার দিকে যাচ্ছিলেন। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে শালবাগান এলাকায় এলে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আলমগীর হোসেন মারা যান। অপর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ ও আদু মারা যান।

নিহত আলমগীর হোসেন নগরের সুজানগর মালদা কলোনি এবং আদু ও এরশাদ নগরের হাজরাপুকুর নিম কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর ঘটনায় নিহত বাবলু পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের মিরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল সকালে দোকান বন্ধ করে বাবলু মোটরসাইকেলে করে সুন্দরীপাড়া রেলগেট এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর বাস টার্মিনাল এলাকা থেকে ফুলবাড়ীগামী মালবোঝাই একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। পার্বতীপুর রেল থানার ওসি হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।