সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চারজন নিহত
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামতি গ্রামের রুহুল আমিন (২২), কোলাপাড়া এলাকার হূদয় (২১), লৌহজং উপজেলার কাজীর পাগলা গ্রামের অপু (২২) এবং রাজধানীর পূর্ব জুরাইনের কমিশনার সড়কের আবু বক্কর (২২)। জানা গেছে, নিহত ব্যক্তিরা একে অপরের আত্মীয়।পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে মহাসড়কের সমষপুর নামক স্থানে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ আরও জানায়, মোটরসাইকেলটি বাসের চাকার সঙ্গে আটকে গেলে বাসটি থেমে যায়। এ সময় বাসটি আটক করা হয়। ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, নিহত চারজনের লাশ শ্রীনগর থানায় রাখা হয়েছে।শ্রীপুরে নিহত ২: শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে গতকাল রোববার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।সূত্র জানায়, ঘটনাস্থলে অজ্ঞাতনামা (২৫) এক পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পথে নূরেসেতা (৫৫) নামের এক নারী নিহত হন।হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।