সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় আজ সোমবার সকালে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সালমান কাজী (২২) মো. রুবেল (২০) ও মো. মান্না (২০)। এ দুর্ঘটনায় মো. সোহাগ নামের (২১) এক যুবক আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টার দিকে পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের ভৈরমপুর সেতুর ওপর নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সালমান কাজী মারা যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে। বাসের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন।