সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চক্রশালা ব্রাইট কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর (১৯) এবং লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের ওসমান গণি (২৮)।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ সোহেল সরকার বলেন, সাতকানিয়া থেকে তাঁরা দুজন মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসমান গণির মামা মো. সাহাবুদ্দিন বলেন, তাঁরা দুজন মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে ওসমান গণির মৃত্যু হয়।
হাসপাতালে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মাদ জাহাঙ্গীর বলেন, ওসমান গণিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।