সড়ক দুর্ঘটনায় যশোর ও ফরিদপুরে নিহত ২
যশোর সদর উপজেলার শাখারীগাতি এলাকায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে গতকাল শনিবার এক যুবক নিহত হয়েছেন। এর আগের দিন শুক্রবার ফরিদপুর শহরতলির ভাজনডাঙ্গা এলাকায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে এক শিশু প্রাণ হারিয়েছে।
যশোরে নিহত ব্যক্তির নাম তৈয়ব আলী শেখ (২৮)। তিনি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। ফরিদপুরে প্রাণহানির শিকার শিশুর নাম জিয়াদ আলী (৭)। সে সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকার দানেশ আলীর ছেলে।
যশোর সদর থানা-পুলিশ সূত্র জানায়, তৈয়ব আলী মোটরসাইকেল চালিয়ে যশোর শহরের দিকে যাওয়ার পথে খুলনা-যশোর মহাসড়কের শাখারীগাতি এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তৈয়ব পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জিয়াদ আলী ভাজনডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জিয়াদ গুরুতর আহত হয়। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত তিনটার দিকে সে মারা যায়।
কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার বলেন, জিয়াদ তাঁর স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা ঝালমুড়ি বিক্রেতা।