সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, দুটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নূরুজ্জামান প্রামাণিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোচিনী গ্রামে।এদিকে গতকাল সকাল নয়টার দিকে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে আটজন আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা সেতাবগঞ্জ বাসস্ট্যান্ডে বাসটি আটক করে এবং ওই বাসসহ দুটি বাস পুড়িয়ে দেয়।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে ঝটিকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় বিকল হয়ে পড়ে। বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে শেরপুরগামী করতোয়া গেটলক নামের যাত্রীবাহী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নূরুজ্জামান প্রাণ হারান। তিনি থেমে থাকা বাসের যাত্রী ছিলেন।গতকাল সকালে দিনাজপুর থেকে সেতাবগঞ্জগামী রুমাইয়া পরিবহন নামের একটি বাস সেতাবগঞ্জ পৌর এলাকার রেলঘুমটির কাছে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে পথচারীদের এলোপাতাড়িভাবে চাপা দেয়। এতে আটজন আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা সেতাবগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ক্ষুব্ধ লোকজন আরেকটি বাস পুড়িয়ে ফেলে।সেতাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, অনেক চেষ্টার পর পুলিশ জনতাকে শান্ত করে। পরে আগুনে পুড়ে যাওয়া বাস দুটি থানায় নিয়ে যাওয়া হয়।