সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা-কর্মীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গত শনিবার রাতে যুবদলের দুই নেতা-কর্মী নিহত হয়েছেন। জেলার শেরপুরে একই দিনে ট্রাক ও বাসের সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই দিনই দিনাজপুরের হাকিমপুরে বালুভর্তি ট্রাক্টরের চাপায় এক শিশু এবং গতকাল লালমনিরহাটের হাতীবান্ধায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: নন্দীগ্রাম-কাহালু সড়কে নন্দীগ্রাম উপজেলার বাটদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবার রাত নয়টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আরোহী উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪০) ও দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের যুবদলের কর্মী মিস্টার বিন (৩৫) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে ররোয়া এলাকায় শনিবার রাত সাড়ে ১১টায় কুড়িগ্রামগামী খলিল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫) নিহত ও ১০ জন আহত হন। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরের সাতকুড়ি এলাকায় শনিবার রাত আটটার দিকে বালুভর্তি ট্রাক্টরের চাপায় রিপন হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রিপন উপজেলার ঘাসুরিয়া গ্রামের মিথুন হোসেনের ছেলে। সে স্থানীয় ডলি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পাটগ্রাম (লালমনিরহাট): হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বসুনিয়া (৩৮) নিহত হয়েছেন। গতকাল বিকেলে কাশেম বসুনিয়া মোটরসাইকেলে করে জলঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রংপুর-বুড়িমারী মহাসড়কের জলঢাকার চাপানী বাজার এলাকায় এক সাইকেল আরোহীর সঙ্গে তাঁর মোটরসাইকেলটি ধাক্কা খেলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।