সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেলা শহর যুবলীগ নেতা বিধান দে রানা (৩৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর বন্ধু রিপন দাম আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বোরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিধান দের বাড়ি জামালপুর পৌর শহরের বোসপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মলিন দে। নিহত বিধান দে শহর যুবলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন। তিনি জামালপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন। আহত রিপন দামের বাবার নাম মৃত রমর দাম। তাঁর বাড়িও বোসপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিধান দে ও তাঁর বন্ধু রিপন দাম মোটরসাইকেলে আজ দুপুর ১২টার দিকে মেলান্দহ উপজেলা থেকে কাজ শেষে জামালপুর শহরে ফিরছিলেন। এ সময় জামালপুর-মেলান্দহ সড়কের বোরুঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে আনার পথে বিধান দে মারা যান। গুরুতর আহত অবস্থায় রিপন দামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভটভটি আটক করা যায়নি। অভিযোগ পেলে মামলা দায়ের হবে বলে তিনি জানান।