সড়ক দুর্ঘটনায় রাজশাহী ও পাবনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বিনোদপুরে গতকাল শনিবার সকালে বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। একই দিন পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নূর বক্স (৭০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রাজশাহীতে নিহত ব্যক্তিরা হলেন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী মোকসেদ আলী (৫০) ও আবু সাইদ (৩৪)। মোকসেদ আলী পবা উপজেলার কাটাখালী এলাকার বাসিন্দা এবং আবু সাইদ একই এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এলজিইডি রাজশাহী সূত্রে জানা গেছে, তানোর উপজেলা সহকারী প্রকৌশলী মোকসেদ আলী গতকাল বাড়ি থেকে হিউম্যান হলারে করে রাজশাহী আসছিলেন। সকাল নয়টার দিকে বিনোদপুর এলাকায় রংপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু সাইদ মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও ১১ জন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর মোকসেদ আলী মারা যান।