সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় র‌্যাবের উপপরিদর্শক শাহীনুর ইসলাম নিহত হয়েছেন। র‌্যাবের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ জানান, গতকাল সকাল পৌনে আটটার দিকে শাহীনুর উত্তরার মোল্লারটেকের বাসা থেকে মোটরসাইকেলে পুলিশ সদর দপ্তরে সিআইডি আয়োজিত একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন। বিমানবন্দর সড়কের বনানী অংশে পেছন থেকে একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ছেলের নাম রাখা হলো না: আমাদের আক্কেলপুর ও দুপচাঁচিয়া প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ার অর্জুনগাড়ি গ্রামে শাহীনুরের বাড়িতে এখন শোকের মাতম। ২৮ দিন আগে তিনি এক ছেলের বাবা হয়েছেন। এক সপ্তাহ আগে গ্রামে এসে ছেলেকে দেখে গেছেন। কথা ছিল আগামী বৃহস্পতিবার ছুটি নিয়ে গ্রামে গিয়ে ছেলের নাম রাখবেন আনুষ্ঠানিকভাবে। প্রস্তুতি চলছিল সেভাবেই। কিন্তু এখন সে বাড়িটিতে শুধুই শোকের মাতম।