সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও দুই নারী নিহত
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাটগ্রাম পৌরসভার কালীরথান এলাকায় গত রোববার রাতে লালমনিরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাওলা মুন (৩০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এদিকে নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার দুই নারী নিহত হয়েছেন।
নিহত শিক্ষক উপজেলার ২ নম্বর পাটগ্রাম ইউনিয়নের হরিসভা গ্রামের গোলাম মতুর্জার ছেলে। তিনি পাটগ্রাম তারকনার্থ উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তাঁর বাবা ওই বিদ্যালয়ের অফিস সহকারী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাতে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর দিয়ে শিক্ষক মুনতাসির মোটরসাইকেলযোগে তাঁর হরিসভা গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মুনতাসির নিহত হন। পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নীলফামারীতে নিহত নারীরা হলেন জেলা সদরের জয়চন্ডী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে নাসিমা বেগম (৩০) ও কিষামত চড়াইখোলা গ্রামের গ্রাম পুলিশ বাবুদ্দি মামুদের মেয়ে কেয়া আক্তার (১৭)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইপিজেডের কারখানা ছুটির পর ব্যাটারিচালিত একটি রিকশা-ভ্যানে বাড়িতে ফিরছিলেন ওই তিন নারী। পথে কাছারী বাজার নামক স্থানে সৈয়দপুরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নাসিমা ও কেয়া। ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পুনরায় যান চলাচল শুরু হয়।