সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও দুই বোন নিহত
বরিশালে ট্রাকচাপায় গত শনিবার রাতে স্কুলশিক্ষক এবং মাগুরা সদরে শ্যালো ইঞ্জিনচালিত যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গতকাল রোববার দুই বোন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বরিশাল মহানগরের কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুখসানা ফেরদৌস সীমা ও মাগুরার জগদলের সুধীর দাসের স্ত্রী মায়া দাস (৬০) ও তাঁর বোন নড়াইলের খাড়েলা মির্জাপুর গ্রামের কালু বিশ্বাসের স্ত্রী দুর্গা বিশ্বাস (৫৫)।
গত শনিবার রাত আটটার দিকে মহাসড়কের সিঅ্যান্ডবি রোড খান সড়কের মোড়ে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী রুখসানা ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি খান সড়ক এলাকার মোহাম্মদ আলী খানের মেয়ে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়কে মহানগরের সিঅ্যান্ডবি এলাকায় মানববন্ধন ও অবরোধ করে। একই সঙ্গে তারা গতিরোধকের দাবিতে বিক্ষোভ মিছিলও করে। আগামী সাত দিনের মধ্যে ওই স্থানে গতিরোধক নির্মাণের আলটিমেটাম দেওয়া হয়।
এদিকে মাগুরা সদরের জগদল-বুনাগাতি সড়কে জগদল কলেজের সামনে গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী মায়া দাস ও তাঁর বোন দুর্গা বিশ্বাস মারা যান।