সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদীতে এক ব্যবসায়ী এবং গোপালগঞ্জে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা দুটি ঘটেছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে শুক্রবার সন্ধ্যায় সবজিবোঝাই পিকআপ ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে মাহাবুব খোন্দকার (৪০) নামে কাঁচামাল ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি বরগুনা সদরের লাকুড়তলী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁরা মানিকগঞ্জ থেকে সবজি নিয়ে পিকআপে করে বরগুনা যাচ্ছিলেন।
গোপালগঞ্জে মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাওলানা ইয়াকুব আলী (৩২) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেখানেই শহরের কোর্ট মসজিদ মাদ্রাসার হাদিস বিভাগের শিক্ষক মাওলানা ইয়াকুব আলী নিহত হন এবং অপর চার যাত্রী আহত হন। নিহত শিক্ষক খুলনার তেরখাদা উপজেলার চরপাতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।