সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ভটভটি চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডিমলায় ভটভটিচালক ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একজন শিক্ষক নিহত হয়েছেন।রোববার বিকেলে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাইকড়তলী এলাকায় পাঁচবিবি লালবিহারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) রফিকুল ইসলাম (৪০) নিহত হন। জেএসসি পরীক্ষার সহ-কেন্দ্রসচিবের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের বাসায় ফেরার পথে বালুবাহী একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মারিয়া মৃধাপাড়ার দানেজ উদ্দিনের ছেলে। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে মারিয়া মৃধাপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে, গতকাল সোমবার সকাল আটটার দিকে ডোমার থেকে চামড়ার বস্তা নিয়ে ডিমলা আসার পথে রামডাঙ্গা এলাকায় বাঁক নেওয়ার সময় ভটভটিটি উল্টে যায়। এতে বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভটভটিচালক ফয়জুল ইসলাম (৩৫) নিহত হন। তিনি ডিমলার উত্তর তিতপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।