সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছাত্রসহ নিহত ৬
ফরিদপুর, সিরাজগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি, কুমিল্লার বরুড়া ও ময়মনসিংহের নান্দাইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্রসহ ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারের কাছে গতকাল সোমবার ভোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত ও চারজন আহত হন। নিহত বাসযাত্রী হাফেজ মোহাম্মদ আলী (৩৫) বাগেরহাটের আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, অন্যজন বাসের সুপারভাইজার ফাইজুর হাসানের (৩০) বাড়ি বাগেরহাট সদরে।সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহসড়কের হাটিকুমরুল গোলচত্বরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী কালামিয়া (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। শাহরাস্তি (চাঁদপুর): গত রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কালীয়াপাড়া-কচুয়া সড়কের হোসেনপুর নামক স্থানে প্রাইভেট কারের চাপায় হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া সুন্নিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ফাহিম (৯) নিহত হয়। সে সুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। বরুড়া (কুমিল্লা): বরুড়া-কুমিল্লা সড়কের লতিফপুর এলাকায় গত রোববার ট্রাকের চাপায় তামিম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার আগানগর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারঘাট সেতু এলাকার কাছে রোববার শ্যালো ইঞ্জিনচালিত একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই যানের যাত্রী উপজেলার সুন্দাইল গ্রামের মেনু ভূঁইয়া (৪০) নিহত হন।