সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ফরিদপুরের একটি স্কুলের শিক্ষক। তাঁর নাম মির্জা মো. জাহাঙ্গীর হোসেন ওরফে শাহজাহান (৪৭)।

ফরিদপুর সদরের কোশা গোপালপুর এলাকার করিমপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কে আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে আগুন নেভায়।

জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার চানপুর ইউনিয়নের গজারকান্দি-চতর এলাকার মৃত সাদেক মোল্লা ছেলে। তিনি কানাইপুর কোষা গোপালপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। জাহাঙ্গীর বিবাহিত। তিনি নিঃসন্তান ছিলেন।

কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ওই শিক্ষক একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে স্কুলে আসছিলেন। কোশা গ্রামের মোহন মেম্বারের বাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক ওই সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষক জাহাঙ্গীর।

ইউপির চেয়ারম্যান আরও বলেন, এ দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান। শিক্ষক নিহত হওয়ার কথা শুনে কোশা গোপালপুর উচ্চবিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভাই। আগুনে ট্রাকের অনেক ক্ষতি হয়েছে।’