সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিন ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় বরগুনা জিলা স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক দেবাশীষ সরকারসহ (২৬) দুজন নিহত হয়েছেন। গত রোববার বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাডুখালীতে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নছিমনের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে সাতক্ষীরা-যশোর মহাসড়কে কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার মৃত মনিলাল সরকারের বড় ছেলে দেবাশীষ চার মাস আগে বরগুনা জিলা স্কুলে শিক্ষক পদে যোগদান করেন। রোববার বিকেলে তিনি কর্মস্থল থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে পটুয়াখালীর বাসায় ফিরছিলেন। বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী সদর উপজেলার পাডুখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় দেবাশীষ ও মোটরসাইকেলের চালক সোলায়ম্যান পিকআপের চাকায় পিষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দেবাশীষকে মৃত ঘোষণা করেন। পরে রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মানও মারা যান। সোলায়মানের বাড়ি পটুয়াখালীর পৌর শহরের একতা সড়কে।সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার কলারোয়ার কাজীরহাট থেকে যাত্রী নিয়ে একটি নছিমন যশোর জেলার বাগআঁচড়ার দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে কাজীরহাট বাজারের কাছে পৌঁছালে নছিমনটির সঙ্গে মাটি বহনকারী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নছিমনযাত্রী আবুল সোহাগ (৪৮) মারা যান। তাঁর বাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামে। এ ছাড়া অপর দুই যাত্রী লোহাকুড়া গ্রামের দিশার আলী (৬৫) ও যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের জোহরা খাতুন (৫০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।