সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুই ব্যক্তি নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাতক্ষীরার তালা মহিলা কলেজের অধ্যাপক আবদুর রাজ্জাক (৪৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার মাঝের ভেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একই দিন সকালে বাগেরহাটে পিকআপ ভ্যানের চাপায় সুফিয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহত আবদুর রাজ্জাকের সহকর্মী চিত্তরঞ্জন বলেন, প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে তাঁরা কলেজ থেকে খুলনার বাসায় ফিরছিলেন। মাঝের ভেড়ি এলাকায় পৌঁছানোর পর চিত্তরঞ্জন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে আবদুর রাজ্জাক ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই তিনি মারা যান।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাটের কাড়াপাড়া-গিলাতলা সড়কের মির্জাপুর এলাকায় একটি পিকআপ ভ্যান একটি বাইসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। সাইকেলের চালক আবদুস সালাম ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে সুফিয়ার মৃত্যু হয়। ওই দম্পতি বাইসাইকেলে করে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে।