সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৬
বগুড়ার শেরপুর, আদমদীঘি, ময়মনসিংহের নান্দাইল, মৌলভীবাজার সদর, কিশোরগঞ্জের কটিয়াদী ও বরিশাল সদরে তিন দিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিত্সক, প্রকৌশলী, বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা ও শিক্ষক রয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধনকুন্ডি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় উপজেলার সদর হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান ওরফে মুন্নু (৪০) নিহত এবং একই স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নান (৪৫) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। আহত শিক্ষক আবদুল মান্নানকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মেরেঙ্গা বাজারের কাছে বুধবার একটি পিকআপ একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী ব্র্যাকের নান্দাইল উপজেলার তারের ঘাট শাখার কর্মসূচি সংগঠক সুধীর চন্দ্র নন্দী (৩৭) নিহত হয়েছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। মৌলভীবাজার: ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ত্রৈলোক্যবিজয়ে বুধবার একটি জিপ সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির আরোহী চিকিত্সক বিপ্লব বিশ্বাস (৩৫) নিহত ও চালকসহ চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি মাদারীপুরের কালকিনির নবগ্রামে। তিনি শ্রীমঙ্গলের রূপসপুর এলাকায় চাঁদনী পাইলস চিকিত্সালয়ের চিকিত্সক। আদমদীঘি (বগুড়া): নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারে বুধবার একটি মাইক্রোবাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী আরিফুল ইসলাম (২৪) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার মুরইল গ্রামে। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী মধ্যপাড়া এলাকায় বুধবার ট্রাক চাপায় মো. আবদুল কাদির (২২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কাজীরচর গ্রামে। বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল নগরের রূপাতলী এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের বরিশাল কার্যালয়ের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নগরের রূপাতলী এলাকায়।