সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ পাঁচজন নিহত
কিশোরগঞ্জে গতকাল বাসের চাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া শুক্রবার ফেনীর সোনাগাজী, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: করিমগঞ্জের পিটুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম সেলিম (৩৬) শনিবার সকাল নয়টার দিকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে কিশোরগঞ্জ শহরের সতাল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত শিক্ষকের গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে। দুর্ঘটনার পর করিমগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা করিমগঞ্জ শহরে মিছিল বের করেন। পরে তাঁরা কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক অবরোধ করেন।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার বাবলাপাড়ায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শনিবার সকাল নয়টার দিকে একটি নছিমন যাত্রী বোঝাই একটি ভ্যানকে চাপা দিলে যাত্রী তুহিন (১০) ঘটনাস্থলেই নিহত হয়। সোনাগাজী (ফেনী): সোনাগাজী সদর ইউনিয়নের সাহাপুর আশ্রয়ণ প্রকল্পের সামনে শুক্রবার সকালে একটি হিউম্যান হলার জ্যোসনা বেগম (৪৫) নামে এক নারীকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের বটতলায় শুক্রবার দুপুরে একটি নছিমনের সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের ছয়জন যাত্রীই আহত হন। গুরুতর আহত অবস্থায় আরশেদ আলীকে (৪৫) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রাম থেকে শুক্রবার সকাল ছয়টার দিকে যাত্রীবাহী একটি করিমন দামুড়হুদা বাজারে আসার সময় চিতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে করিমনের যাত্রী আছিয়া বেগম (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি নতিপোতা গ্রামে।