সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ পাঁচজন নিহত
সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কক্সবাজারের চকরিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রলপাম্পের সামনে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ভটভটির চাপায় সোহেল (২২) নামের এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত সোহেল চান্দাইকোনা দক্ষিণপাড়ার বাসিন্দা। চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে গতকাল বেলা সাড়ে ১০টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিত্ত হালদার (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মাধবপুর গ্রামে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের পশ্চিম কুট্টাপাড়ায় রাস্তার পাশে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেট কারের চালক রকিবুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। জেলা সদর হাসপাতালে ভর্তির পর গতকাল দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। চকরিয়া (কক্সবাজার): বৃহস্পতিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় একটি বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদ (৩২) ও গিয়াস উদ্দিন (২৮) নামের দুই ব্যক্তি মারা যান। নিহত সাঈদ চকরিয়ার আবদুল মতলব শপিং সেন্টারের সুবর্ণা ফেব্রিক্সের মালিক এবং গিয়াস উদ্দিন কর্মচারী।