সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ বিভিন্ন স্থানে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের লারপাড়ায় বাইপাস সড়কে গত মঙ্গলবার ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। একই দিনে ট্রলির চাপায় মারা গেছেন এক কলেজশিক্ষক। গতকাল বুধবার সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: কক্সবাজার শহরের লারপাড়ায় বাইপাস সড়কে মঙ্গলবার ট্রাকচাপায় গিয়াস উদ্দিন নামের এক শিশু নিহত হয়েছে। ট্রাকের চালক দ্বিতীয় দফায় ট্রাক চাপা দিয়ে ওই শিশুর মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি পুড়িয়ে দেয়। শহরের বৈদ্যঘোনা এলাকার জয়নাল আবেদীনের শিশুপুত্র গিয়াস উদ্দিন (১০) বিকেল চারটার দিকে শহরের লারপাড়ায় তার মামা ফরিদ আহমদের বাড়ি থেকে বৈদ্যঘোনায় ফেরার জন্য বাইপাস সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি ট্রাক গিয়াসকে চাপা দেয়। পিরোজপুর: নাজিরপুর উপজেলার নাজিরপুর-টুঙ্গীপাড়া সড়কের বাঘাজোড়া এলাকায় মঙ্গলবার রাতে বালুবাহী ট্রলির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামিম আহমেদ (২৮) গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া কলেজে শিক্ষকতা করতেন। সিরাজগঞ্জ: গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সাতটিকরি নামক স্থানে ময়মনসিংহ থেকে রাজশাহীগামী একটি খালি ট্রাকের সঙ্গে রাজশাহী থেকে ঢাকাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপের চালক আবদুস সালাম (৩৫) ও রসুনের ব্যাপারি জুয়েল (২৫) নিহত হন। বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদরের কাঠেরপুল পাঙ্গাশি সড়কের রহমতগঞ্জ বটতলায় একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী নূর ইসলাম (৬০) নিহত হন।