সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল শনিবার ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের লালপুর গ্রামের শিক্ষার্থী হেবরন কবির (১৮) ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সিলেটের উদ্দেশে বাড়ি থেকে একটি মাইক্রোবাসযোগে রওনা হন। দুপুর সাড়ে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেবরন কবির প্রাণ হারান। মাইক্রোবাসে থাকা অপর দুই যাত্রী হেবরনের বাবা হুমায়ুন কবীর ও ফয়েজ উদ্দিন (৩০) নামে অপর এক ব্যক্তি আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।