রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে শেরেবাংলা নগর এলাকায় শ খানেক যানবাহন ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। শিক্ষার্থীদের দাবি, পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে ১২ শিক্ষার্থী আহত হন।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোশনা আফরোজ গত মঙ্গলবার দুপুরে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। তিনি স্নাতকোত্তর পাস করে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। থাকতেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুননেসা মুজিব হলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোশনার মৃত্যুর খবর কৃষি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে কয়েক শ শিক্ষার্থী রাত আটটার পর লাঠিসোঁটা নিয়ে রাস্তায় আসেন। তাঁরা নির্বাচন কমিশনের সামনে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত সড়কে নির্বিচারে অর্ধশত যান ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব সেখানে পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর তাঁরা ক্যাম্পাসের পেছনের ফটক দিয়ে কলেজ গেটের সামনে এসে আবার ভাঙচুর শুরু করেন।প্রত্যক্ষদর্শী আবদুল হালিম বলেন, পুলিশ ভাঙচুরে বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর চলার সময় বিজয় সরণির উড়োজাহাজ মোড় থেকে আগারগাঁও মোড় পর্যন্ত এবং গণভবন থেকে শ্যামলী মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। রাত সোয়া ১০টার দিকে যান চলাচল শুরু হয়।রাত ১০টার দিকে রোশনার লাশ ক্যাম্পাসে আনা হয়। ক্যাম্পাসে জানাজা শেষে রাত ১১টার পর তাঁর লাশ নিয়ে স্বজনেরা রংপুরের বদরগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ছোড়া হয়নি।