সড়ক দুর্ঘটনায় শিশু ও কৃষক নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা-মাগুরখালি সড়কে গতকাল রোববার মোটরসাইকেল দুর্ঘটনায় মহিম বাইন (৪) নামের এক শিশু নিহত হয়েছে৷
এ ছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কে গাড়িচাপায় আলাল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে৷
ডুমুরিয়া থানার পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মাগুরখালি এলাকা থেকে গতকাল দুপুর ১২টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুসহ একই পরিবারের তিনজন ও অপর এক যাত্রী ডুমুরিয়ার কাঁঠালতলা যাচ্ছিলেন৷ পথে কাঁঠালতলা-মাগুরখালি সড়কে বারইকাঠি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনের চাকার হাওয়া চলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়৷ এতে মাগুরখালি গ্রামের বিশ্বজিৎ বাইন (৩৫), তাঁর স্ত্রী পার্বতী রানী বাইন (২৫), ছেলে মহিম বাইন (৪) ও কৃষ্ণপদ সানা (৪০) নামে এক যাত্রী এবং চালক ইদ্রিস আলী মোড়ল (৪২) গুরুতর আহত হন৷ পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ কর্তব্যরত চিকিৎসক মহিমকে মৃত বলে ঘোষণা করেন৷
ডুমুরিয়া থানার মাদারতলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে৷
বালিয়াকান্দি থানার পুলিশ জানায়, বালিয়াকান্দি-মধুখালী সড়কের জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা সরকাির প্রাথমিক বিদ্যালয় এলাকায় সকালে গাড়ির চাপায় কৃষক আলালের মৃত্যু হয়৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ আলাল উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকেবাড়ী গ্রামের নবাব আলীর ছেলে৷