সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধা নিহত
রাজবাড়ী সদর উপজেলায় বাসচাপায় দোলা খাতুন (৬) নামের এক শিশু ও পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসের ধাক্কায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার দুর্ঘটনা দুটি ঘটে।এদিকে শনিবার পটুয়াখালীর কলাপাড়া-আমতলী সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তা মুশফিকুর রহমান ও কলাপাড়া বন্ধুসভার সদস্য মাইন উদ্দিন গুরুতর আহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামের দুলাল শেখের মেয়ে দোলা নওয়াব গ্রামার কিন্ডারগার্টেন কল্যাণপুর শাখার শিশু শ্রেণীর ছাত্রী। ওই কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক সৈকত সিদ্দিক জানান, দোলা পরীক্ষার ফল জেনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিল। পথে সদর উপজেলার ফেলুর দোকান এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।সুফিয়া খাতুন সকালে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য টেম্পোতে ভান্ডারিয়ার বটতলায় আসেন। টেম্পো থেকে নেমে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝালকাঠি থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় সুফিয়াকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।