সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি বাড়ছেই

জানুয়ারি মাসে শিশুমৃত্যুর সংখ্যা ৬৩, ফেব্রুয়ারিতে ৬৭ এবং মার্চ মাসে ৯৬। প্রতি মাসেই সংখ্যাটি বাড়ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত মাইশা মমতাজের মা অছিমা বেগমের আহাজারি
ফাইল ছবি

সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। রিহান মিয়া (৫), আফরিন হক (৭) ও শেখ নাঈম (১৩)—এই তিন শিশুর মৃত্যু হয়েছে দুই দিনের মধ্যে। সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে ২২৬ শিশু মারা গেছে। এ সংখ্যা প্রতি মাসে বাড়ছে।

আফরিন হক স্কুলে যাচ্ছিল বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে। রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে ট্রাকচাপায় আহত হয়েছিল সে। চিকিৎসার জন্য ঢাকায় এনে একটি পা কেটেও বাঁচানোর যায়নি শিশুটিকে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও ট্রাকচালক গ্রেপ্তার হননি।

ব্রাহ্মণবাড়িয়ার রিহান মিয়া সন্ধ্যাবেলা ফুফুর সঙ্গে বের হয়েছিল। গ্রামের সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সে মারা যায়। তার পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

সড়ক দুর্ঘটনায় শিশুদের মৃত্যুঝুঁকি বেশি। উন্নয়নের কারণে গ্রামীণ সড়কগুলোতে ভারী যানবাহন ঢুকে পড়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
অধ্যাপক মো. হাদিউজ্জামান, পরিচালক, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট, বুয়েট

সপ্তম শ্রেণির শেখ নাঈম স্কুল থেকে বাইসাইকেলে করে ফিরছিল। ফরিদপুরে তাদের বাড়ি। ফেরার পথে ট্রাক্টরের চাপায় তার প্রাণ যায়। এ ঘটনায় ট্রাক্টরচালক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

রোড সেফটি ফাউন্ডেশন গতকাল সোমবার মার্চ মাসের সড়ক দুর্ঘটনার তথ্য জানিয়েছে। সংগঠনটির হিসাবে জানুয়ারি মাসে শিশুমৃত্যুর সংখ্যা ৬৩, ফেব্রুয়ারিতে ৬৭ এবং মার্চ মাসে ৯৬। প্রতি মাসেই সংখ্যাটি বাড়ছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, বিদেশে শিশুদের নিরাপদে চলাচল ও স্কুলে যাতায়াতের ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নিরাপদ কোনো সড়ককাঠামোই গড়ে ওঠেনি। সাধারণ মানুষ বা শিশুদের জন্য নিরাপদ গণপরিবহনের ব্যবস্থা করা যায়নি। তাই শিশুরাও এর থেকে রেহাই পাচ্ছে না। শহরাঞ্চলে বিকল্প না থাকায় অটোরিকশা, মোটরসাইকেল বেড়েছে।

আরও পড়ুন

শিশুরা সড়ক দুর্ঘটনায় বেশি নাজুক উল্লেখ করে এই অধ্যাপক বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুদের মৃত্যুঝুঁকি বেশি। উন্নয়নের কারণে গ্রামীণ সড়কগুলোতে ভারী যানবাহন ঢুকে পড়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

রাজশাহীতে আফরিনের পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক। সাত বছরের মেয়েটি মারা গেছে
ছবি: সংগৃহীত

মার্চ মাসে প্রতিদিন নিহত গড়ে ১৯ জন

রোড সেফটি ফাউন্ডেশন বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে বলেছে, এ বছরের মার্চ মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৮৯ জন এবং আহত ৬৪৭ জন। নিহতদের মধ্যে নারী ৬১ জন। মোট নিহত মানুষের মধ্যে ৩৭ দশমিক ৫২ শতাংশ মোটরসাইকেলচালক। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ৪২ শতাংশ। এরপরে আছে পথচারী। দুর্ঘটনায় ২৭ দশমিক ৫০ শতাংশ পথচারী নিহত।

সংগঠনটি জানিয়েছে, মার্চ মাসে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপের সংখ্যা সবচেয়ে বেশি—২৮ দশমিক ৭৬ শতাংশ। এরপরে মোটরসাইকেল ২২ শতাংশ, থ্রি–হুইলার ১৬ দশমিক ১২ শতাংশ এবং বাস ১৩ দশমিক ৭১ শতাংশ।

আরও পড়ুন

মার্চ মাসে আঞ্চলিক সড়কে দুর্ঘটনা সবচেয়ে বেশি—৩৯ দশমিক শূন্য ৮ শতাংশ। এরপরে আছে ৩৬ দশমিক ৪৬ শতাংশ জাতীয় মহাসড়কে এবং গ্রামীণ সড়কে ১৪ দশমিক ৮৪ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭টি দুর্ঘটনায় ১৪১ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম সিলেট বিভাগে—২৬টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত। একক জেলা হিসাবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৩৩টি দুর্ঘটনায় ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ জেলায়। রাজধানী ঢাকায় ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয়ের হিসাবে সবচেয়ে বেশি ৭৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, মার্চ মাসে প্রতিদিন গড়ে ১৯ জন নিহত হয়েছেন; যা ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৪৩ শতাংশ। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৭৮ দশমিক ৬০ শতাংশ।