সড়ক দুর্ঘটনায় শিশুসহ চার জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার বাগেরহাটের মোল্লাহাটে দুজন নিহত হয়েছেন। একই দিন পিরোজপুরের মঠবাড়িয়ায় টমটমের চাকায় পিষ্ট হয়ে একটি শিশু এবং রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় এক নারী প্রাণ হারিয়েছেন। এর আগের দিন যশোরের মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: গতকাল দুপুর দুইটার দিকে গোপালগঞ্জ থেকে একটি নছিমন যাত্রী নিয়ে ফকিরহাট উপজেলার ফলতিতা মাছবাজারে আসছিল। পথে খুলনা-মাওয়া মহাসড়কের কেন্দুয়া বিলের জোড়া সেতুর কাছে চালক নছিমনের নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নছিমনচালক রাজু শেখ (২২) ঘটনাস্থলে এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে যাত্রী আকতার শেখ (৪৫) মারা যান।
রাজু শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারামপুর গ্রামের হাসেম শেখের ছেলে ও আকতার শেখ একই উপজেলার লোহাগড়া গ্রামের মাছ ব্যবসায়ী।
গোয়ালন্দ (রাজবাড়ী): ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি বাস গতকাল বেলা সোয়া দুইটার দিকে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় হাজেরা বেগমকে (৬৫) চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়ার বাসিন্দা। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই এলাকায় একটি গতিরোধকের দাবিতে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের পাথরঘাটা বাসস্ট্যান্ডে ফারিয়া ইসলাম (৭) নামে একটি শিশু রাস্তা পার হওয়ার সময় শ্যালোইঞ্জিনচালিত পণ্যবাহী একটি টমটম তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে এবং স্থানীয় কে পি মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
যশোর: আড়াই বছরের সন্তান অনিককে কোলে নিয়ে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে চড়ে লাইলী আকতার (২৫) নামে এক গৃহবধূ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর থেকে ঝিকরগাছা যাচ্ছিলেন। পথে সোহরাব মোড়ে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লাইলী আকতার মারা যান। লাইলী মনিরামপুর উপজেলার সুবলকাঠি গ্রামের আকতারুল সরদারের স্ত্রী।