সড়ক দুর্ঘটনায় শিশুসহ চার জেলায় নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামের কলাপাড়ায় রোববার রাত আটটার দিকে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ভাঙ্গার ব্রাহ্মণকান্দা গ্রামের আবদুল লতিফ (৪৫), মালিগ্রাম অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ভাঙ্গার শিলাধরচর গ্রামের আবুল কালাম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মালিগ্রাম অগ্রণী ব্যাংকের করণিক নগরকান্দা উপজেলার কান্দিগ্রামের মোরশেদ তালুকদার (৪৫) ও বিলভরা গ্রামের শামীম (২২) মারা যান। পটুয়াখালী: পটুয়াখালী সরকারি কলেজের সম্মান শ্রেণীর ছাত্রী ফাতেমা নাজনীন (২১) গতকাল সকাল সাড়ে নয়টার দিকে অটোরিকশায় করে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পটুয়াখালীর কোর্ট এলাকার সোনালী ব্যাংক মোড়ে তাঁর গলার ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে তাঁর গলায় ফাঁস লেগে যায়। অচেতন অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফাতেমা গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের শাহ আলমের মেয়ে। দুর্ঘটনার পর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করেন।ঠাকুরগাঁও: সদর উপজেলার ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের পুলিশ লাইনের কাছে গতকাল সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও কারাগারের একটি পিকআপের ধাক্কায় সোনালী (৬) নামের এক শিশু নিহত হয়। সে পৌরসভার মুসলিমনগর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। হরিপুর উপজেলার হরিপুর-ধীরগঞ্জ সড়কের আমগাঁও জামুনে গতকাল বেলা ১১টার দিকে নসিমনের ধাক্কায় পথচারী আলাবত উদ্দিন (৪০) নিহত হন। সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া-বেতকান্দি সড়কের মালতিডাঙ্গায় গতকাল দুপুরে একটি ট্রলি সড়কে থেমে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে বসে থাকা হাসান (৪) নামের এক শিশু পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশুর বাবার নাম আবদুস ছাত্তার। তাদের বাড়ি মালতিডাঙ্গা গ্রামে। গত রোববার রাতে সিরাজগঞ্জ-সয়দাবাদ বাইপাস সড়কের মুলিবাড়ী বেইলি সেতুর ওপর অটোরিকশার ধাক্কায় কালাচান মিয়া (৩৫) নামের এক পথচারী নিহত হন।