সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমপুর এলাকায় গতকাল শনিবার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এক পথচারী ও ট্রাক উল্টে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
কেরানীগঞ্জে নিহত হওয়া চারজন মাইক্রোবাসের আরোহী। এঁরা হলেন কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া এলাকার আবুল হোসেনের স্ত্রী আসমা বেগম (২৫), ছেলে মো. তোয়াছিন (৫), আসমার বোন তানিয়া আক্তার (১৬) ও মাইক্রোবাসের চালক মো. কাওসার (৩২)। প্রথম তিনজনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) ও কাওসারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন রূপগঞ্জের রঘুরামপুর এলাকার আবু বক্কর সিদ্দিকী (৫০)।
নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চম্পকদি গ্রামের রহমত আলীর মেয়ে মণি আক্তারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা মৃত সাদেক আলীর ছেলে মো. মন্টির বিয়ে হয়। গতকাল মন্টির বাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণি আক্তারের পরিবারের লোকজন ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটি মিনিবাস ও একটি মাইক্রোবাস ভাড়া করেন। বেলা দুইটায় একসঙ্গে মাইক্রোবাস ও মিনিবাস সিরাজদিখান থেকে ছেড়ে এলেও পারগেন্ডারিয়ায় শুধু মিনিবাসটি পৌঁছায়। পরে মুঠোফোনে নিহত ব্যক্তিদের আত্মীয়রা খবর পান মাইক্রোবাসটি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া মহসড়কের কদমপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তোয়াছিন, তানিয়া ও আসমা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের চালক কাওসার মারা যান। এ দুর্ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী তানজিল (২), সাদিয়া (১০), মিনু বেগম (৫০), লিমা আক্তার (২০), ইমু (৪) ও তাসলিমাকে গুরুতর অবস্থায় মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রঘুরামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক পথচারী আবু বক্কর সিদ্দিকীকে (৫০) চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে একটি ট্রাক ঢাকা বাইপাস সড়কের নিলভিটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ওই ট্রাকে থাকা পাঁচ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন। তবে একজন নিখোঁজ থাকেন। বেলা দেড়টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।