সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারভেজ মিয়া (৭) নামের একটি শিশু নিহত হয়েছে। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইমন (৪) নামের আরেক শিশু এবং রাজশাহীর গোদাগাড়ীতে আনারুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় গতকাল ১০টার দিকে ট্রাকের চাপায় পারভেজ মিয়া নিহত হয়। সে উপজেলার মাস্তা গ্রামের আবদুর ছাত্তারের ছেলে এবং ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, রংপুর থেকে বগুড়াগামী কাঠবোঝাই একটি ট্রাক ফাঁসিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পারভেজ ওই ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক।
সিরাজগঞ্জ: উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, গতকাল বেলা ১১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার বিজ্ঞান কলেজের পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে চলে যায়।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যান আরোহী ইমন আলী প্রাণ হারান এবং তাঁর মা নাজমা খাতুন (৩০) আহত হন। ইমন উপজেলার জংলীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
একই দিন দুপুরে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এস এস রোডে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওষুধের দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে দোকানের মালিক আবু তাহের চৌধুরী গুরুতর আহত হন। এ ঘটনার পর এলাকাবাসী ট্রাকের চালককে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে আটকে রাখেন। পরে পুলিশ এসে ট্রাক ও চালককে আটক করে নিয়ে যায়।
রাজশাহী: গতকাল ভোর পাঁচটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই আনারুল ইসলামের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাতনাবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।