গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল সোমবার ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিন মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়। এ ছাড়া অটোরিকশার ধাক্কায় আহত এক স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজারে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হন। নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে বালুভর্তি একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। রঙ্গিলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক তরুণ (২৭) নিহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেক তরুণ (২৯) মারা যান।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সকালে একটি কাভার্ড ভ্যানের চাপায় নয়ন মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়। সে উপজেলার তেগুরী গ্রামের নাজমুল হোসেনের ছেলে। এদিকে সাটুরিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত তৌহিদুল ইসলাম (৬) নামের এক স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছে। সে স্থানীয় দরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও গাছবাড়ি গ্রামের আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের কাছে সারিবদ্ধ যানবাহনের পাশ দিয়ে যাচ্ছিল নয়ন। এ সময় কাভার্ড ভ্যানটি ফেরিতে উঠতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট ইয়ামিন উদ-দৌলা বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল তৌহিদুল। পথে সাটুরিয়া-দরগ্রাম সড়কের গাছবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। এরপর শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সে মারা যায়।